রাজধানী

শাহবাগে প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান

রাজধানীর শাহবাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা দ্রুত যোগদান ও পদায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন। রোববার সকাল ১১টা থেকে তারা জাতীয় জাদুঘরের সামনে সড়কে অবস্থান নিলে ওই সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে পুলিশ সড়কের অপর পাশ দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করে।

আন্দোলনকারীদের দাবি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আগামী ১ অক্টোবর যোগদানের তারিখ নির্ধারণ করলেও তারা আগস্ট মাসের মধ্যেই যোগদান করতে চান। যোগদান ও বিদ্যালয়ে পদায়নের সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করে লিখিত প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক দেবব্রত সরকার বলেন, ২৯ জুলাইয়ের মধ্যে যোগদান নিশ্চিত করার দাবি জানানো হলেও তা বাস্তবায়ন হয়নি। প্রায় ছয় মাস আগে তারা চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশ পেলেও এখনো যোগদানের সুযোগ পাননি। এতে অনেকেই আগের চাকরি ছেড়ে বেকার অবস্থায় রয়েছেন এবং আর্থিক ও সামাজিক সংকটে পড়েছেন বলে তিনি দাবি করেন।

এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় রোববার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন। এর আগে মন্ত্রণালয় ২৯ অক্টোবর যোগদানের কথা জানিয়েছিল। আন্দোলনের প্রস্তুতির মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন করে নতুন তারিখ ঘোষণা করা হলেও তা প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারীরা।

২০২৫ সালের শেষ দিকে ৬১ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই ধাপে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ১৪ হাজার ৩৮৫টি পদের বিপরীতে লিখিত পরীক্ষায় অংশ নেন ৮ লাখ ৩০ হাজারের বেশি প্রার্থী। মৌখিক পরীক্ষা শেষে ১৪ হাজার ৩৮৪ জনকে চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। পরে সরকার পরিবর্তনের পর নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে গত ১০ মে সুপারিশপ্রাপ্তদের বিষয়ে পুলিশি যাচাইয়ের নির্দেশ দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এই বিভাগের আরও সংবাদ