নীলফামারী

গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নীলফামারীতে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি

নীলফামারী জেলা প্রতিনিধি: গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভুতুড়ে বিল আদায় এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে নীলফামারীতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে শহরের আল হেলাল একাডেমি থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা ওবায়দুল্লাহ সালাফী, জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি প্রভাষক ছাদের হোসেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, আব্দুল কাদিম, কাজী আব্দুল মালেক, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু হানিফা শাহ, সহকারী সেক্রেটারি আহমাদ রায়হান, শহর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আনিছুর রহমান আজাদ, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশিদ পাটোয়ারী এবং এনসিপির জেলা আহ্বায়ক আব্দুল মজিদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

স্মারকলিপি প্রদান শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা ওবায়দুল্লাহ সালাফী।

তিনি বলেন, ‘দেশের সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের মানুষের প্রত্যাশা ছিল নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর বিদ্যুৎ, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম স্বাভাবিক রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। কিন্তু দুঃখজনকভাবে বর্তমান সরকার ক্ষমতায় আসার পরও বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘অতীতের সরকারের সিন্ডিকেট ভাঙার পরিবর্তে তাদেরই বিভিন্নভাবে সুযোগ দেওয়া হচ্ছে। শুধু মূল্যবৃদ্ধিই নয়, ডিজিটাল মিটার স্থাপনের মাধ্যমে নতুন করে মানুষের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে।’

ওবায়দুল্লাহ সালাফী আরও বলেন, ‘জনগণের এসব দাবি তুলে ধরে আমরা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছি। আশা করছি, সরকার জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের সঠিক পথে দেশ পরিচালনা করবে। জনগণের কল্যাণে সরকারকে সহযোগিতা করতে আমরা প্রস্তুত আছি।’

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সরকার যদি জনগণের দুর্ভোগ বাড়াতে সিন্ডিকেট ও দুর্নীতিবাজদের পৃষ্ঠপোষকতা করে, তাহলে জনগণের অধিকার আদায়ের জন্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলন অব্যাহত থাকবে।’

এ সময় আরও বক্তব্য দেন নীলফামারী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম। তিনি বলেন, ‘গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির মূল্য অস্বাভাবিক বৃদ্ধি এবং ভুতুড়ে বিল আদায়ের ন্যক্কারজনক কর্মকাণ্ডের প্রতিবাদে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। ১১ দলীয় ঐক্য ঘোষিত দাবিগুলো মেনে নিয়ে অবিলম্বে তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্য কমিয়ে জনগণের স্বস্তি ফিরিয়ে আনতে হবে। অন্যথায় জনগণ ফুঁসে উঠবে।’

মাওলানা আন্তাজুল ইসলাম আরও বলেন, ‘১১ দল সবসময় জনগণের পক্ষে ছিল, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। জনগণের ন্যায্য দাবি আদায়ের জন্যই আমরা রাজপথে এসেছি। ২০২৪ সালের জুলাইয়ে জনগণ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করেছে, আজও দেশের মানুষ আমাদের বৈধ দাবির সঙ্গে রয়েছে।’

এই বিভাগের আরও সংবাদ