জাতীয়

নিউরোসায়েন্সেস হাসপাতালে বাড়ছে ৫০০ শয্যা, কাল উদ্বোধন

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা। নতুন ১৫ তলা ভবনটি আগামীকাল শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভবনটি চালু হলে হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে দাঁড়াবে এক হাজারে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন ভবনের নির্মাণকাজ ইতোমধ্যে শেষ হয়েছে। অধিকাংশ যন্ত্রপাতি স্থাপনের কাজও শেষ। নতুন ভবনে থাকছে ওয়ার্ড, অপারেশন থিয়েটার, ডায়াগনস্টিক ইউনিট, আইসিইউ, এইচডিইউ ও কেবিনসহ আধুনিক চিকিৎসাসুবিধা।

তিনটি বেজমেন্টসহ ভবনটির মোট আয়তনে রয়েছে পার্কিং ও সার্ভিস সেকশন। রোগীদের জন্য রয়েছে ৪০টি আইসিইউ, ২০টি এইচডিইউ, ২৪টি পোস্ট-অপারেটিভ বেড এবং ১১২টি কেবিন। পাশাপাশি থাকছে ১০০ শয্যার বিশেষায়িত ট্রমা ইউনিট। সেখানে ২৪ ঘণ্টা অস্ত্রোপচার সুবিধার জন্য চারটি অপারেশন থিয়েটার রয়েছে, যার দুটি মডুলার ওটি।

নতুন ভবনে দুটি এমআরআই, দুটি সিটি স্ক্যান, একটি ক্যাথল্যাব, ৬২টি ভেন্টিলেটর, পৃথক অক্সিজেন প্ল্যান্ট, অটোক্লেভ ও মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার আধুনিক সুবিধাও রাখা হয়েছে।

হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুজ্জামান খান বলেন, বর্তমানে শয্যার সংকটের কারণে অনেক রোগীকে ভর্তি করা সম্ভব হয় না। নতুন ৫০০ শয্যা চালু হলে এ সংকট অনেকটাই কমবে এবং আরও বেশি রোগীকে চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হবে।

হাসপাতালটিতে সবচেয়ে বেশি চিকিৎসা নিতে আসেন স্ট্রোকের রোগীরা। এছাড়া দুর্ঘটনায় মস্তিষ্ক ও মেরুদণ্ডে আঘাত, পার্কিনসনস, ডিমেনশিয়া, মৃগী, জিবিএস ও হাইড্রোকেফালাসসহ বিভিন্ন স্নায়ুরোগের চিকিৎসা দেওয়া হয়।

এই বিভাগের আরও সংবাদ