ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহত


রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারী ব্যাগ ধরে টান দেওয়ায় রিকশা থেকে পড়ে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৬টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষিকার নাম মোসা. রনজিনা পারভীন। তিনি বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
জানা যায়, রনজিনা পারভীন বগুড়া থেকে রাজধানীর ফার্মগেট এলাকায় ইসলামিয়া চক্ষু হাসাপাতালে ডাক্তার দেখাতে এসেছিলেন। আজ ভোরে গাবতলী বাস টার্মিনালে নামেন তিনি। এরপর রিকশায় করে ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাওয়ার পথে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় পেছন থেকে মোটরসাইকেলে আসা ছিনতাইকারী তার ব্যাগ ধরে টান দেন। এতে রিকশা থেকে পড়ে গিয়ে তার মাথা ফেটে যায়। ঘটনাস্থল থেকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ‘আমরা মোটরসাইকেল ও জড়িতদের শনাক্ত করতে কাজ করছি। আশা করছি খুব শিগগিরই তাদের শনাক্ত করে গ্রেপ্তার করতে পারব।’



