জাতীয়

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮ জন

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৮৮ জন।

শনিবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ১১৩ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় দুজন মারা গেছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী।

সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ হাজার ৩২ জনে।

গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ৬১১ জন পুরুষ ও ৩৭৭ জন নারী।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১০২ জন, দক্ষিণ সিটিতে ১৪৯ জন ভর্তি হন। দুই সিটির বাইরে ঢাকা বিভাগে ১৭৬ জন হাসপাতালে ভর্তি হন।

এ ছাড়া বরিশাল বিভাগে ১৭১ জন, চট্টগ্রাম বিভাগে ১২৩ জন, খুলনায় ১৬৩ জন ও ময়মনসিংহে ৫০, রাজশাহীতে ৪৯ ও রংপুরে ৬ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এই বিভাগের আরও সংবাদ